দিল্লি বিমানবন্দরে জুরিখগামী সুইস এয়ারলাইন্সের বিমানে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে জুরিখগামী একটি যাত্রীবাহী বিমান। রবিবার (২৬ এপ্রিল) ভোরে রানওয়েতে উড্ডয়নের সময় সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় ছয়জন আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এলএক্স১৪৭ ফ্লাইটটি জুরিখের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে গতি বাড়ানোর সময় হঠাৎ একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বড় দুর্ঘটনা এড়াতে পাইলটরা দ্রুত উড্ডয়ন বাতিল করেন। বিমানে থাকা ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশুকে জরুরি স্লাইড ও সিঁড়ির মাধ্যমে নিরাপদে নামানো হয়। ঘটনার পরপরই বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে কারিগরি দল দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং ক্ষতিগ্রস্ত বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে, পাশাপাশি বিকল্প ফ্লাইট ও থাকার ব্যবস্থাও করা হচ্ছে।
সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ