ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:০২ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ পর্যবেক্ষণ–সংশ্লিষ্ট গবেষণা সংস্থা জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এআরওয়াই নিউজ।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের তথ্যমতে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখা গেলে ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গবেষণা কাউন্সিলের মহাসচিব খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ অনুযায়ী এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।

তবে চাঁদ দেখা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। নির্ধারিত দিনে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495