ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি পুরোপুরি অচল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের আটটি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে কয়েকটি ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্যাটেলাইট চিত্র ও যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় আরব দেশগুলোর একাধিক সূত্রের তথ্য বিশ্লেষণ করে সিএনএন জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বড় অংশই এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন রয়েছে। কিছু স্থাপনা এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো পুনরায় চালু করা সম্ভব নয়। তবে কৌশলগত গুরুত্ব বিবেচনায় কিছু ঘাঁটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের হামলার প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমান। এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দ্রুত প্রতিস্থাপন করাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইরান পরিকল্পিতভাবে এমন স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, যেগুলোর ক্ষতিতে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষয়ক্ষতি সর্বোচ্চ হবে। বিশেষ করে এ অঞ্চলে মোতায়েন মার্কিন রাডার ব্যবস্থাগুলো অত্যন্ত মূল্যবান ও সীমিত।
গত বুধবার পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস ‘জে’ হার্স্ট থ্রি আইনপ্রণেতাদের জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার। তবে সিএনএনকে দেওয়া একটি সূত্রের দাবি, প্রকৃত ব্যয় ৪ থেকে ৫ হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে।
বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি প্রত্যাশা করছে, ইরান তাতে সম্মত হচ্ছে না।