পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হলে ফাঁড়ির ছাদ ধসে পড়ে। এতে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায়। পরে সহায়তায় আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও হামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় জঙ্গিরা ড্রোনও ব্যবহার করেছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।

এ ঘটনার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495