পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নতুন কঠোর বিধিনিষেধ, আইন ভাঙলে জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গরুসহ বিভিন্ন ধরনের পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্যের নবগঠিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। সম্প্রতি প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে উন্মুক্ত স্থান বা জনসমাগম এলাকায় পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গরু, ষাঁড়, বলদ ও মহিষসহ যেকোনো পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে। নির্ধারিত ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন সক্ষমতা হারানো পশুর ক্ষেত্রেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে গুরুতর আহত বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুর ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত পশু কেবল সরকারি অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসম্মুখে বা রাস্তায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তারা যেকোনো সময় সংশ্লিষ্ট এলাকা ও স্থাপনা পরিদর্শন করতে পারবেন।

সরকার জানিয়েছে, এই আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একই সঙ্গে এ ধরনের অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495