আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে উপস্থিতির পর এবার ভিন্ন ভূমিকায় কলকাতা হাইকোর্টে দেখা গেল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন করে আলোচনার জন্ম দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, সকাল ১১টার কিছু আগে কালো শামলা পরে কলকাতা হাইকোর্ট চত্বরে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিকে ঘিরে সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা যায়।

সেদিন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানিতে নিজেই বক্তব্য উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্ট প্রাঙ্গণে তার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। পোস্টে দাবি করা হয়, সংকটের সময়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে তিনি কখনো পিছপা হন না এবং ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় তার অবস্থান দৃঢ়।

এজলাসে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। এরপর থেকে নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছি।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তার দাবি অনুযায়ী ধর্ষণের হুমকি, ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় যুক্ত করবেন। একইসঙ্গে তিনি রাজ্যের মানুষকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ—রাজ্যবাসীকে বাঁচান।”

এ ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495