ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:০০ পিএম
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বুধবারের এই বৈরী আবহাওয়ায় ৮৯ জন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন। একই সঙ্গে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
ত্রাণ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রবল ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং ঘরের দেয়াল ধসে বহু মানুষের প্রাণহানি ঘটে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শক্তিশালী বাতাসে গাছ, বড় বড় বিলবোর্ড উপড়ে সড়কে পড়ে যাচ্ছে। কোথাও কোথাও এসব ভেঙে যানবাহনের ওপর পড়েছে। ধূলিঝড়ের কারণে রাস্তার পাশে থাকা দোকানপাটের আসবাবপত্রও উড়ে যেতে দেখা গেছে।
স্থানীয়ভাবে ভারোহি জেলায় ধূলিঝড়ে ১৬ জন, ফতেহপুর জেলায় বৃষ্টিজনিত ঘটনায় ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ায় উত্তর প্রদেশের অন্তত পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।