যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:২৫ পিএম
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
ইরানি আলোচকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান ১৪ দফা সম্বলিত এই নতুন প্রস্তাব দিয়েছে, যার মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা।
বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরে রয়েছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি তেহরানে পৌঁছান এবং তার সফর তৃতীয় দিনের মতো বাড়ানো হয়েছে। এর মধ্যেই ইরানের এই নতুন প্রস্তাবের খবর সামনে আসে।
এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার সময় সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, এক ডজনের বেশি যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও একই সময়ে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে এই সামরিক পদক্ষেপ নেয়।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ভবিষ্যতে সৌদি আরব কোনো হামলার মুখে পড়লে পাকিস্তানি সেনারা সৌদি বাহিনীকে সহায়তা করবে।
গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয়েছে- কোনো দেশ আক্রমণের শিকার হলে উভয় দেশ একে অপরকে সহায়তা করবে। তবে এই চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।