ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প, নেপথ্যে যে কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:২৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন সামরিক হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন তিনি। যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধেও হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করলে ওই অঞ্চলের দেশগুলোতে পাল্টা হামলার হুমকি দেয় ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তিনি আগেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ইরান তার প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করায় মঙ্গলবার নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাকে হামলার পরিকল্পনা আপাতত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সমঝোতায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সম্ভাব্য বড় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে যেকোনো সময় সামরিক অভিযান শুরু হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের পরদিনই তিনি ইরানের রাজধানী তেহরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইরানের পক্ষ থেকে এখনো এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে দেশটির শীর্ষ নেতৃত্ব পিছু হটতে প্রস্তুত। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান।