জামায়াত আমিরের আইডি ‘হ্যাক’ ইস্যুতে গ্রেফতার বঙ্গভবন কর্মকর্তার মুক্তি দাবি ছাত্রদল সভাপতির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুক্তি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ ঘণ্টা পার হয়ে গেলেও তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তিনি। বিষয়টিকে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে হাজির করার দাবি জানান রাকিবুল ইসলাম রাকিব।
তিনি আরও লেখেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। তার দাবি, আমিরে জামায়াতের ঘটনাকে কেন্দ্র করে একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে বলি দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তি বেআইনিভাবে আটক রয়েছেন, তাই আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত তাকে জামিনে মুক্তি দেওয়া।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে নারীদের অবমাননাকর বক্তব্য ছিল বলে অভিযোগ ওঠে। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে আমিরের নামে ভুয়া ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।