জামায়াতের ঢাকা মহানগরীর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সরকারকে মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়রপ্রার্থী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।

গুলশান পূর্ব থানা আমির মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সেলিম উদ্দিন অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে জানানো হয়, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

দলীয় দায়িত্বশীলদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এমপি, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা—দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও মজবুত করার ওপর গুরুত্ব দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495