দেশে ফিরছেন শামীম ওসমান, জানালেন স্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী দেশ ছেড়ে যান। তাদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও রয়েছেন।
বিভিন্ন সময় আলোচনায় থাকা এই রাজনীতিককে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার তার স্ত্রী সালমা ওসমান লিপি জানিয়েছেন, তারা শিগগিরই দেশে ফিরছেন।
রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সালমা ওসমান লিপি লেখেন, ‘আমরা শিগগিরই দেশে ফিরছি। সকল আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত থাকো ইনশাআল্লাহ।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে ইঙ্গিত পাওয়া যায়, শামীম ওসমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে তার নাতির জন্মদিন উদযাপনের একটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে কেক কাটার দৃশ্য দেখা যায়।
এদিকে, শামীম ওসমানকে দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাতে দেখা গেছে—এমন একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিডিওটিকে সাম্প্রতিক বলে দাবি করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।