রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির নানা উপকরণ তুলে ধরা হয়। মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার মতো ঐতিহ্যবাহী সামগ্রী উপস্থিতদের নজর কাড়ে। বাঙালিয়ানার সাজে শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালির সুরে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ সময় হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার আহ্বান জানান বক্তারা। তবে এমন কোনো সংস্কৃতি থেকে বিরত থাকার কথাও বলা হয়, যা ইমান-আকিদার পরিপন্থী বা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495