নিজ জেলাতে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে নিজ জেলা পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান-কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন নেতাকর্মীরা।

এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় একদল নেতাকর্মী জাগপার কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট করা হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তারা তারেক রহমান-কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান এবং রাশেদ প্রধান-এর শাস্তি দাবি করেন। একই সঙ্গে তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিচ্ছেন, তখন তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন।

অন্যদিকে, জাগপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলা হয়নি বলেও তারা জানান।

জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, পূর্বেও একই ধরনের হামলার শিকার হয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, তাদের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে এবং এ ঘটনার বিচার দাবি করেন। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, হামলাকারীরা কার্যালয়ের প্রাচীর ও ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495