প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করতে যাচ্ছেন মনিরা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত এই প্রার্থী রোববার দুপুর ২টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এ কারণেই তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ কোনো সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495