রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক: হাসনাত আবদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:২৯ পিএম
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলাদেশে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দল এক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। যে দলের প্রধানরা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে বিদেশে চলে যান, তাদের দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পুলিশের মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে অনেককে গ্রেপ্তার হতে হয়েছে। বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতি বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের তরুণদের কর্মসংস্থানে যুক্ত করতে হবে এবং সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আগামী বাজেটে তরুণদের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের সন্তানরা দেশে পড়াশোনা করলেও অনেক ক্ষমতাবান পরিবারের সন্তানরা বিদেশে পড়াশোনা ও চিকিৎসার সুযোগ পান। এই বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।
মাদক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় চৌদ্দগ্রামে মাদক বড় হুমকি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কিছু অসাধু পুলিশ সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন এবং বাহিনীকে আরও জবাবদিহিমূলক করার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।