মাথা উঁচু করে দ্রুতই দেশে ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মোড় নিয়েছে বলে দাবি করা হলেও, ভারতে এসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে দেশটির বিদেশমন্ত্রী খলিলুর রহমান শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের অনুরোধ পুনরায় জানিয়েছেন। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।

এই পরিস্থিতির মধ্যেই নিজের দেশে ফেরা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা। দীর্ঘ নির্বাসিত জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে, এমনকি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তাঁর দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রও হয়েছিল। তবে তিনি দাবি করেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি বেঁচে আছেন এবং দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে যাবেন।

তিনি বলেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের গর্ব নিয়েই প্রত্যাবর্তন করবেন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে বহুবার দলটি ধ্বংসের চেষ্টা হলেও তা আরও শক্তিশালী হয়েছে। বর্তমান পরিস্থিতিকেও তিনি সাময়িক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, দলটি কোটি কোটি সমর্থক ও নেতা-কর্মীর শক্তিতে টিকে আছে। তাঁর ভাষায়, দেশে একটি অবৈধ অন্তর্বর্তী সরকার ও সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার পরিচালিত হচ্ছে এবং এর বিরুদ্ধে দলের নেতা-কর্মীরা সক্রিয় রয়েছে।

বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের বিষয়ে তিনি বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, বহু নেতা-কর্মী হত্যা ও মামলার শিকার হয়েছেন এবং বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরছেন।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো দেশবিরোধী কোনো চুক্তি করেনি। বরং তাঁর সরকারের সময় গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনকে তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: আনন্দবাজার

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495