ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না: হাসনাত আবদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না।
এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ঝিনাইদহে প্রকাশ্যে নাসীরুদ্দীন পাটোয়ারী ও তারেক রেজার ওপর হামলা চালানো ব্যক্তিরা সবাই জামিনে মুক্ত থাকলেও এখন ভুক্তভোগীকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনাকে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে আবারও ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয় দেওয়া এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে আদালতকেও রাজনৈতিক সুবিধা আদায়ের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, অয়ন রহমানকে ডিবি তুলে নেওয়ার পরও আদালতে হাজির করা হয়নি। তিনি বলেন, আজ হয়তো কেউ এসব নিয়ে হাসবে, নিজেদের শক্তিশালী ভাববে। কিন্তু জুলুম একসময় পাহাড় হয়ে ফিরে আসে তাদের দিকেই, যারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে মনে করে।
পোস্টের শেষদিকে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘ন্যাশনাল গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান’।
এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এর পরদিন ছাত্রদলের সাবেক নেতা এনামুল কবির পাল্টা মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করেন।