বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:০১ পিএম
গণভোট ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান’-এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই ফাঁদে পড়ে অতীতেও বড় রাজনৈতিক ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, এই রাজনৈতিক ধারার কারণেই জিয়াউর রহমান শহীদ হন এবং খালেদা জিয়া মৃত্যুর মুখে পড়েন। তিনি আরও বলেন, বিএনপির বর্তমান নেতৃত্বকে হুঁশে আসার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, এই শক্তিরাই বিএনপি ও জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষতির সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি তিনি সাগর–রুনি দম্পতি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়েও মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলেও এখন গণভোটকে অস্বীকার করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ইমাদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।