প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ডলি বেগম দেশটির ফেডারেল রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন। টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল উপনির্বাচনের ফলাফলে এ চিত্র স্পষ্ট হয়।

উপনির্বাচনগুলো অনুষ্ঠিত হয় অন্টারিওর ইউনিভার্সিটি-রোসডেল ও স্কারবোরো সাউথওয়েস্ট এবং কুইবেকের তেরেবোন আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে লিবারেলদের প্রয়োজন ছিল মাত্র একটি আসন, যা ডলি বেগমের জয়ের মাধ্যমে নিশ্চিত হয়। ফলে সংসদে দলটির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪-এ।

এই ফলাফল প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এখন সরকারের আইন পাস ও নীতিনির্ধারণে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে, যা ২০২৯ সাল পর্যন্ত স্থিতিশীলভাবে সরকার পরিচালনায় সহায়ক হবে।

এর আগে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে তিনবার এমপিপি হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে প্রথমবার, ২০২২ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ নির্বাচনে তৃতীয়বার জয়ী হন তিনি। প্রাদেশিক পর্যায়ে নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও এবার তিনি লিবারেল পার্টির হয়ে ফেডারেল রাজনীতিতে প্রবেশ করেন।

লিবারেল দলে যোগ দেওয়ার কারণ হিসেবে ডলি বেগম প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি জানান, দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশে পরিণত করার চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

ডলি বেগমের এই বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বার্তায় তিনি বলেন, ডলির এই সাফল্য তার দীর্ঘদিনের পরিশ্রম ও জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। ভবিষ্যতে তার নেতৃত্ব একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ডলি বেগমের গ্রামের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। মাত্র ১২ বছর বয়সে বাবা রাজা মিয়া ও মা জবা বেগমের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495