যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন, পাওয়া গেছে দেহের টুকরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে চরম দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতিতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাতে তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষায় নাহিদা বৃষ্টির সঙ্গে মিল পাওয়া গেছে।

তবে তার মরদেহের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। এর আগে নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে ইন্টারনেটে নানা গুজব ছড়ালে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন তার পরিবার। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো।

একই ঘটনায় এর আগে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহও উদ্ধার করেছে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়েছে।

জামিল লিমনের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই নাহিদা বৃষ্টির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া এই দুই শিক্ষার্থীর মরদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধারের ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি স্তব্ধ হয়ে পড়েছে।

নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন।

গত ১৬ এপ্রিল জামিল লিমনের ট্যাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন নাহিদা। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাসা থেকেই নাহিদার দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495