ধানের সবুজ ক্যানভাসে উলিপুরে শিক্ষক জাফর সাদিকের শৈল্পিক স্মৃতিসৌধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন স্কুলশিক্ষক জাফর সাদিক। বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে তিনি ধানক্ষেতে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধের নকশা, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক এর আগেও ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার চলতি বোরো মৌসুমে তার ‘মাস্টার সিড’ প্রকল্পের আওতায় প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষের পাশাপাশি ব্রি ধান ১১৩-এর ক্ষেতে বেগুনি চারা দিয়ে তিনি স্মৃতিসৌধের আদল ফুটিয়ে তুলেছেন।

পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর ভালোবাসা। নিয়মিত পাঠদানের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে তিনি কৃষিকে সৃজনশীলভাবে উপস্থাপন করছেন। নিজের এই উদ্যোগের পেছনের ভাবনা জানিয়ে জাফর সাদিক বলেন, “শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছি।”

উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত তার এই ধানক্ষেত এখন পথচারীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর থেকেই দেখা যায় ধানের চারা দিয়ে তৈরি স্মৃতিসৌধের নকশা। অনেকেই সেখানে থেমে ছবি তুলছেন এবং স্বাধীনতার ইতিহাসকে নতুন করে স্মরণ করছেন।

জাফর সাদিক আরও বলেন, “প্রজন্মকে ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরি।”

তার এই সৃজনশীল উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে কেবল একটি কৃষিকাজ নয়, বরং শহীদদের প্রতি এক নীরব শ্রদ্ধা এবং জীবন্ত দেশপ্রেমের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495