‘ভাই’ সম্বোধনে ক্ষুব্ধ এসিল্যান্ড, সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রপাত হয় ‘ভাই’ সম্বোধনকে কেন্দ্র করে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে প্রশাসনের তত্ত্বাবধানে তেল বিক্রি কার্যক্রম চলছিল। পরিদর্শনে এসে উপস্থিত হন সংশ্লিষ্ট এসিল্যান্ড।
এ সময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ভাই কেন বললেন? সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”
ঘটনার বিষয়ে জুয়েল রানা জানান, তিনি তেলের সরবরাহ সংক্রান্ত তথ্য জানতে গিয়ে স্বাভাবিকভাবে ‘ভাই’ বলে কথা শুরু করেন। কিন্তু এতে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উপস্থিত সবার সামনে তাকে বিব্রত করেন। তার অভিযোগ, ‘স্যার’ না বলায়ই এমন আচরণ করা হয়েছে।
পরে এ বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে বিরক্তি প্রকাশ করেন এবং প্রশ্নের জবাব না দিয়েই কল কেটে দেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি কর্মকর্তাদের আচরণ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।