থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ থানায় গিয়ে ওসির চেয়ারে বসেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা ঘটে ৫ এপ্রিল সকালে। ওই দিন ফুলপুর থানার ওসি সকাল সোয়া ৭টায় ময়মনসিংহ পুলিশ লাইনে প্যারেডে অংশ নিতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ থানায় উপস্থিত হন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ। ওসির চেয়ারের পাশে অন্য চেয়ারে না বসে তিনি সরাসরি ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতা করেন।
ভিডিওতে দেখা যায়, এমপি চেয়ারে বসে আছেন এবং সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাকে কিছু নির্দেশনা দিচ্ছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, “সেই দিন আমার মাস্টার প্যারেড ছিল, তাই আমি সকাল সোয়া ৭টায় পুলিশ লাইনে চলে গিয়েছিলাম। এমপি থানায় আসার পূর্বে কোনো তথ্য দেওয়া হয়নি। তার গাড়ি থানায় ঢোকার পর তাকে জানানো হয় আমি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।”
ওসি আরও বলেন, “প্রথমে তিনি চেয়ারে বসতে কিছুটা ইতস্তত বোধ করেছিলেন, কিন্তু সঙ্গে থাকা কর্মকর্তারা তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে কিছুক্ষণ বসে আলাপ করে চলে যান।”
অপর দিকে, এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, তিনি শুধুমাত্র থানায় পরিদর্শনে গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় স্থানীয় কর্মকর্তারা তাকে ওসির চেয়ারে বসাতে বলেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি কোনো অপরাধবোধ অনুভব করেননি।