রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ দুই বোন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

ছবি: সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুদুকছড়ি আবাসিক এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ঘনিষ্ঠ সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ধর্মশিং চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। গুলিবিদ্ধ দুইজন হলেন তার বোন ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেএসএস (সন্তু) সংশ্লিষ্ট একটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালিয়েছে। তবে অভিযোগটি অস্বীকার করেছে জেএসএস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, বিস্তারিত জানার জন্য কাজ চলছে। মরদেহ উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে যাচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এন্থনী চাকমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে হাসপাতালে আনা হয়। তাদের একজনের কনুই এবং অন্যজনের হাতের তালুতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি সশস্ত্র দল কুদুকছড়ি এলাকায় অবস্থান নেয় এবং ভোরে পরিকল্পিতভাবে ধর্মশিং চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হন তার দুই বোন, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ধর্মশিং চাকমা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এ ঘটনায় নিরীহ দুই নারী গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, আঞ্চলিক সশস্ত্র সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495