ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুকে করা পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রদলের রাজারহাট উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আহত হয়েছেন উপজেলা শাখার সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ফেসবুকে পোস্ট ও পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা কথাকাটাকাটিতে রূপ নেয় এবং পরে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে উভয়পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ছাত্রদলের এক কর্মীর দাবি, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রশিবির নেতারা ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি জানতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, সকালে শান্তিনগর এলাকায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিবির নেতা সুজন মিয়া সেখানে গেলে তার ওপর হামলা চালানো হয় এবং তিনি মাথায় আঘাত পান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495