জামালপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ চাপায় মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা ও তার দুই মেয়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সকালে নিশ্চিত করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে তারা নিজেদের টিনের ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে সরাসরি ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঝড়ো আবহাওয়া ও গভীর রাত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় দাগী এলাকায় শোকের মাতম বিরাজ করছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।