চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বাবা-মেয়েসহ ৫ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিহতদের মরদেহ ভূরুঙ্গামারীর উত্তর তিলাই গ্রামে নিয়ে যাওয়া হয়।
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদ মোড় এলাকার শামীম হোসেন (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না আক্তার (২৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮) এবং মাইক্রোবাস চালক ধলডাঙ্গা গ্রামের লিমন মিয়া (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কয়েকজন বাসিন্দা একটি মাইক্রোবাস ভাড়া করে রংপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসা শেষে রাতে ফেরার পথে বাঁশেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
আহত ৯ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. কোরবান আলী বাবু বলেন, একই পরিবারের ও একই এলাকার পাঁচজনের মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, তিনি চারজনের মৃত্যুর তথ্য পেয়েছেন। দুর্ঘটনাস্থল নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।