পরীক্ষাকেন্দ্রে ব্যাগে কুড়াল নিয়ে ঢুকে ধরা পড়ল শিক্ষার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ব্যাগে কুড়াল নিয়ে প্রবেশ করে সংঘর্ষে জড়ানোর উদ্দেশ্যে আসায় সিফাত (১৫) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরও পাঁচ দাখিল পরীক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে।

আটক সিফাত বাউফলের বড় ডালিমা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে আটক দাখিল পরীক্ষার্থীরা হলেন মাসুম মৃধা, সিহাব হোসেন, মিয়াদ হোসেন, নয়ন হোসেন ও হৃদয় হোসেন।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় খাতা দেখে লেখাকে কেন্দ্র করে দুইটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করলেও পরীক্ষা শেষে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগের সময় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিফাতকে তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি কুড়াল উদ্ধার করে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যায়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, জিজ্ঞাসাবাদে সিফাত স্বীকার করেছে যে বড় ডালিমা দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থীর ডাকে সংঘর্ষে অংশ নিতে সে কুড়াল নিয়ে এসেছিল।

এ বিষয়ে আটক শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক। তাদের বিষয়ে শিশু আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে থানায় রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495