কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:০৬ পিএম
কুমিল্লায় বিএনপির নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
একই সময় শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন, এতে পুরো এলাকায় অচলাবস্থা তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।
রোববার (৩ মে) দুপুরে নগরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ ও গোয়েন্দা শাখা। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তার আটকের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র দাবি করেছে, শাসনগাছা বাস টার্মিনালকে কেন্দ্র করে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর শতাধিক নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদেরও অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং থানার প্রধান ফটক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, শাসনগাছা বাস টার্মিনালে শ্রমিকদের অবরোধের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। বিকেল পর্যন্ত থানার সামনে বিক্ষোভ চলতে থাকে, পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।