৭ বছরের শিশুকে ২১ দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় মাত্র ৭ বছর বয়সী এক শিশুকে ২১ বছর উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্টো মামলার বাদীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৫ মে) নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে ওই শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত তার নথিপত্র যাচাই করে শিশুটির প্রকৃত বয়স ৭ বছর ৭ মাস ২ দিন নির্ধারণ করেন। অথচ মামলার এফআইআরে তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছিল, যা আদালতের নজরে এলে বিচারক বিস্ময় প্রকাশ করেন।
পরে শিশুটিকে জামিন দেওয়া হয় এবং এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও মামলার বাদীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। নির্দেশ অনুযায়ী রোববার আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্তরা আত্মগোপনে থাকায় বয়স যাচাই করা সম্ভব হয়নি এবং আসামিপক্ষ থেকেও বিষয়টি জানানো হয়নি।
তবে আদালত এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। পাশাপাশি শিশুটিকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশও দেন বিচারক।
এ সময় আদালতে বাদী ক্ষমা প্রার্থনা করলে বিচারক স্পষ্টভাবে বলেন, এমন অপরাধের কোনো ক্ষমা নেই। বয়সে সামান্য ভুল হতে পারে, কিন্তু ৭ বছরের শিশুকে ২১ বছর দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৭৭ ও ১৮২ ধারায় সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।