নেত্রকোনা মাদরাসাছাত্রী ধর্ষণকাণ্ড: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২১ এএম
নেত্রকোনার মদন উপজেলায় মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৪ এর একটি দল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে র্যাব-১৪ এর সদস্যরা অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও বলেন, দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব তাকে আদালতে পাঠানো হবে। সময় অনুযায়ী আজই আদালতে তোলা হতে পারে, না হলে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এ মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ ব্রিফিং করবেন র্যাব-১৪ এর অধিনায়ক।