গাইবান্ধার সাদুল্লাপুরে কিস্তি দিতে না পারায় এনজিও কর্মীর হাতে এক নারী সদস্য আহত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:০১ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে এক এনজিও কর্মী ও সদস্যার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাকী বেগম নামে এক হতদরিদ্র নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধাপেরহাট এলাকার পালানপাড়া গ্রামের বাসিন্দা লাকী বেগম একটি এনজিও ‘ব্র্যাক’ থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে তা পরিশোধ করে আসছিলেন। তবে সম্প্রতি নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বুধবার (৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে আমবাগান সড়কে দায়িত্বরত মাঠকর্মী ছালমা বেগম তার কাছে কিস্তির টাকা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। এতে লাকী বেগম মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ছালমা বেগমের বক্তব্য জানতে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ব্রাঞ্চ ম্যানেজার আজাহার আলী জানান, তিনি ঘটনাস্থলের বাইরে রয়েছেন। অন্যদিকে এরিয়া ম্যানেজার শাহাবুদ্দিন দাবি করেন, ঋণের টাকা নিয়ে বিরোধের সময় মাঠকর্মীও লাঞ্ছনার শিকার হয়েছেন। তিনি আরও জানান, এ ঘটনায় ছালমা বেগম থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সুপদ হালদার জানান, উভয় পক্ষ থেকেই পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।