‘উড়াল দেব আকাশে’ পোস্ট দিয়ে নিরুদ্দেশ সাবেক ইউপি সদস্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:০৩ পিএম
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ‘উড়াল দেব আকাশে…’ শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর শহিদুল ইসলামকে সর্বশেষ পটুয়াখালী-লোহালিয়া সেতু এলাকায় দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এ ঘটনায় শহিদুল ইসলামের মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
পারিবারিক সদস্যরা জানান, শহিদুল ইসলাম প্রায় ছয় মাস আগে বিয়ে করেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি শহরের সবুজবাগ এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময় কাটান। ফেরার পথে মায়ের জন্য ওষুধও কিনে আনেন। পরে বাসায় ফিরে পরিচিত মোটরসাইকেলচালক বাবুকে ফোন করে ডাকেন এবং নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে রেখে বাড়ি থেকে বের হয়ে যান।
মোটরসাইকেলচালক বাবুর ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৭টার দিকে লোহালিয়া সেতুর ঢালে শহিদুল ইসলামকে নামিয়ে দেন তিনি। সেখানে ভাড়া পরিশোধ করার পর থেকেই শহিদুলের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শহিদুল ইসলামের মামা সোহরাব হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক সমস্যা ছিল না। তাই হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা শহিদুল ইসলামকে ভদ্র ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা পোস্ট ও প্রচারণা।