শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় উল্টে গেল নৌ-পুলিশের নৌযান, প্রাণ গেল কনস্টেবলের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ-পুলিশের একটি নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য মো. মহসিন সরদার (৪৩) খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাতের টহলে বের হয় নৌ-পুলিশের দলটি। টহলের একপর্যায়ে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে একটি বাল্কহেডের সঙ্গে তাদের নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।
পরে টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠতে সক্ষম হন। তবে সংঘর্ষে গুরুতর আহত হন কনস্টেবল মহসিন সরদার। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বাল্কহেড জব্দ বা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।