গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করার পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়। পরে অভিযুক্ত ফোরকান পালিয়ে যায়।

শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি লিখিত কাগজ উদ্ধার করেছে। সেখানে পারিবারিক বিরোধ, অর্থনৈতিক দ্বন্দ্ব ও স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ ছিল বলে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাপাসিয়া থানার ওসি জানান, ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495