আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকাসহ যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:২০ এএম
গাছের শাখা-প্রশাখা ছাঁটাই, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সোমবার (১১ মে) রাজধানী ঢাকা ও রাজশাহীর কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, শুভাঢ্যা জোনাল অফিসের অধীনে ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিচালনা করা হবে। এজন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা।
কর্তৃপক্ষ জানায়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট। গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে। এতে সিস্টেম লস কমে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে রাজশাহীতেও কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে— জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল সংলগ্ন এলাকা, বুধপাড়া, গণির ঢালান এবং মোহনপুর চকপাড়া।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।