হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:১১ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার গভীর রাতে বনচৌকি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৯০৫/৬-এস নম্বর পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কথিত চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।