প্রেমের টানে পিরোজপুরে চীনা যুবক, বিয়ে না করেই ফিরতে হলো দেশে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত

মোবাইল অ্যাপে পরিচয়, এরপর ধীরে ধীরে প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩০ বছর বয়সী এক যুবক। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরে যেতে হয়েছে তাকে। ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে চীনা নাগরিক লিয়নের পরিচয় হয় একটি ভাষা শেখার মোবাইল অ্যাপে। পরে তাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

তুবা জানান, প্রথমদিকে তিনি বিশ্বাসই করতে পারেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে আসবেন। ঠিকানা চাইলেও বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। তবে পরে সত্যিই বাংলাদেশে চলে আসেন লিয়ন।

সূত্র জানায়, চলতি মাসের ৮ মে ঢাকায় পৌঁছান তিনি। এরপর ১৪ মে নাজিরপুর বাসস্ট্যান্ডে গেলে তুবার পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। বিদেশি অতিথিকে দেখতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা দেয়।

তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, কয়েকদিন ফোনে কথা বলার পর হঠাৎ করেই লিয়ন তাদের বাড়িতে চলে আসেন। পরে তাকে আপ্যায়ন করে ঢাকায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদায়ের আগে লিয়ন জানান, তুবার টানেই তিনি বাংলাদেশে এসেছিলেন। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় এখনই বিয়ে সম্ভব হয়নি। তিনি আরও জানান, দুই বছর পর আবার বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যতে সুযোগ হলে তুবাকে নিয়ে সংসার করতে চান বলেও জানান এই চীনা যুবক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495