ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ, এক সপ্তাহ পর সীমান্তে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৩১ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নিখোঁজ থাকার এক সপ্তাহ পর মো. শওকত আলী নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের মৃত মিজানের ছেলে।
শনিবার মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।
পুলিশ জানায়, গত ৯ মে কয়েকজনের সঙ্গে গরু আনতে ভারতের সীমান্ত এলাকায় গিয়েছিলেন শওকত আলী। তার সঙ্গে থাকা অন্যরা ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেরা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে গোপনে দাফনের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শওকত আলীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। এর আগেও সীমান্তে এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনাটি তদন্ত করছে বিজিবি।