নরসিংদীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৪ পিএম
নরসিংদীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের বিশেষ পাস দেওয়া হলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশপথে তীব্র বিশৃঙ্খলা দেখা দেয়। নারী ও শিশুসহ হাজার হাজার দর্শক ধাক্কাধাক্কির মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যর্থতার অভিযোগও উঠেছে।
জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা থাকলেও পাস ছাড়া কয়েক হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এতে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্তত সাতজন সাংবাদিকের দামি মোবাইল ফোন চুরি হয়। পরে অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে অনেক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান রিপন জানান, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় ব্যাপক হট্টগোল ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ভেতরে ঢোকার পর তিনি নিজের মোবাইল ফোন খুঁজে পাননি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানালে আরও কয়েকজন সাংবাদিক ও দর্শকও মোবাইল চুরির অভিযোগ করেন।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠান দেখতে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছিলেন। ভিড়ের সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।