এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে নদীপথে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন নদীপথে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি হত্যা মামলা এবং ১১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ সময় নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯৬টি মামলা করেছে নৌ পুলিশ। এর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইনের মামলা, ১৩টি বেপরোয়া গতি আইনের মামলা, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।

অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়।

এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের দাবি, নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ মৎস্য আহরণ বন্ধ এবং বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495