কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২৩ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495