মিয়ানমারে অং সান সু চির সাজা কমাল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

ছবি: সংগৃহীত

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সাজা এক-ষষ্ঠাংশ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। শুক্রবার তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাজা প্রায় সাড়ে চার বছর কমানো হলেও ৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রীকে মুক্তি দেওয়া হয়নি; এখনও তাকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।

এর আগে দুর্নীতি, উসকানি, নির্বাচনি জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল অং সান সু চিকে। যদিও তার সমর্থক ও আন্তর্জাতিক মহল শুরু থেকেই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সারা দেশে ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে সাধারণ ক্ষমা দেওয়ার ঘোষণা দেন। তবে সেই তালিকায় অং সান সু চির নাম ছিল না। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষমার আওতায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা ৪০ বছরে নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে অং সান সু চিকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তার ছেলে কিম অ্যারিস। তবে বর্তমান অবস্থার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ছয় মাসে এটি দেশটির তৃতীয় সাধারণ ক্ষমা ঘোষণা। এর আগে নভেম্বর ও জানুয়ারিতে পৃথক দুই দফায় প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হলেও প্রতিবারই তালিকার বাইরে রাখা হয় অং সান সু চিকে।

গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম সাধারণ ক্ষমা। দায়িত্ব গ্রহণের সময় তিনি দেশে শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে একটি মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টসহ ৩০ হাজারের বেশি মানুষকে রাজনৈতিক অভিযোগে আটক করা হয়েছে।

বর্তমানে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটিতে প্রায় ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495