এবার ভারত ও চীনকে নরকের সাথে তুলনা করলেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনকে ‘পৃথিবীর নরকের মতো দেশ’ বলে উল্লেখ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট ভিডিওর ট্রান্সক্রিপ্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ শেয়ার করেন, যেখানে এই মন্তব্যটি উঠে আসে।
শেয়ার করা ওই বক্তব্যে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের সুযোগকে ব্যবহার করে কিছু মানুষ চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। ওই অংশে ভারত ও চীনকে ‘নরকের মতো জায়গা’ হিসেবেও উল্লেখ করা হয়।
এছাড়া ভারতীয় ও চীনা অভিবাসীদের উদ্দেশ করে সেখানে ‘ল্যাপটপধারী গ্যাংস্টার’ শব্দটি ব্যবহার করা হয় এবং অভিযোগ তোলা হয় যে, ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি খাতে ভারত ও চীনের নাগরিকদের আধিপত্যের কারণে স্থানীয় মার্কিন নাগরিকরা চাকরির সুযোগ হারাচ্ছেন।
ট্রাম্পের এই মন্তব্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। দেশটির ভারতীয় দূতাবাস স্মরণ করিয়ে দেয়, অতীতে ট্রাম্প ভারতকে ‘অসাধারণ দেশ’ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে বর্ণনা করেছিলেন।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যের কড়া সমালোচনা করে একে ‘অপরিণত, অনভিপ্রেত ও রুচিহীন’ বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিশ্লেষকেরা এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত আপত্তিকর বলে মনে করছেন। ভারতীয় গবেষণা সংস্থার পরিচালক ধ্রুব কাটোচ বলেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অবদান বিশাল, এমন মন্তব্য তাই সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
এদিকে এই মন্তব্যকে ঘিরে ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ভারত ও চীন সভ্যতার সূতিকাগার, আর প্রকৃত নরক সেই জায়গা যেখানে একজন যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেন।