ডোনাল্ড ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার হাট কাঁপাচ্ছে ৭০০ কেজির ‘নরেন্দ্র মোদি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর খামারে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। বিশাল আকৃতির গরু ও বিদেশি জাতের পশু দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অদ্ভুত চেহারার একটি মহিষ, যাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ‘নরেন্দ্র মোদি’ নামে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আরকে এগ্রো ফার্মে থাকা বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি আভাযুক্ত মহিষটি মূলত তার লম্বা সাদা দাড়ি ও ভিন্নধর্মী চেহারার কারণে আলোচনায় আসে। সম্প্রতি মহিষটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি সহজেই সবার নজর কাড়ছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খামারে গিয়ে মহিষটি এক নজর দেখতে ভিড় করছেন।

খামারি ও দর্শনার্থীদের ভাষ্য, কোরবানির ঈদ সামনে রেখে মহিষটিকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর আগে নারায়ণগঞ্জেই চেহারা ও চুলের স্টাইলের মিল থাকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরে আলোচনায় আসে ‘নেতানিয়াহু’ নামের আরেক মহিষ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘নরেন্দ্র মোদি’ নামের এই মহিষ।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাল হওয়া মহিষটি ‘নীলি রাভি’ জাতের এবং এর ওজন প্রায় ৭০০ কেজি। প্রায় চার বছর আগে মহিষটি খামারে আনা হয়। তবে ইতোমধ্যে সেটি বিক্রি হয়ে গেছে। খামারটিতে বর্তমানে নীলি রাভি জাতের আরও কয়েকটি মহিষসহ প্রায় সাড়ে তিনশ কোরবানির পশু প্রস্তুত রয়েছে।

আরকে এগ্রো ফার্মের ব্যবস্থাপক নাজির হোসেন বলেন, মহিষটির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নেটিজেনরাই ‘নরেন্দ্র মোদি’ নামটি দিয়েছেন। খামার থেকে এ নাম রাখা হয়নি। তবে কত টাকায় মহিষটি বিক্রি হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে চাননি তিনি।

বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, ‘নীলি রাভি’ পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের জনপ্রিয় ও উচ্চ উৎপাদনশীল মহিষের একটি জাত। উচ্চ দুধ উৎপাদনের জন্য এই জাত বিশ্বজুড়ে পরিচিত। দীর্ঘদিনের সংকরায়নের মাধ্যমে ‘নীলি’ ও ‘রাভি’ জাত একত্র হয়ে ‘নীলি রাভি’ নামে পরিচিতি পায়।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, খামারিরা নিজেদের আগ্রহ থেকেই পশুর এমন ব্যতিক্রমী নাম দিয়ে থাকেন। এছাড়া কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495