চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানান, সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক রাখা হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে তিনি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং তার মুক্তির পথ সুগম করতে কার্যকর ব্যবস্থা নেবেন বলে জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এসব জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন সংস্কৃতিমন্ত্রী। তিনি বলেন, দেশের ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সরকার দেশে কোনো ধরনের বৈষম্য চায় না। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও এসব বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495