বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দায়িত্বে ভারতীয় আম্পায়ার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় ভারতীয় আম্পায়ার নিতিন মেননের নাম রয়েছে, যিনি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন।

প্রথম ও তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন ভারতের নিতিন মেনন। দ্বিতীয় ওয়ানডেতে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। পুরো সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

দেশি আম্পায়ারদের মধ্যে প্রথম ওয়ানডেতে তানভীর আহমেদ, দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল এবং তৃতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি টিভি আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করে পালন করবেন নিতিন মেনন ও রিচার্ড ইলিংওর্থ।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, আর শেষ ম্যাচ হবে চট্টগ্রামে। আগামী ১৭ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।

এরপর ওয়ানডে সিরিজ শেষ করে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। আর সিরিজের শেষ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

টি-টোয়েন্টি সিরিজেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্যানেলভুক্ত আম্পায়াররা পর্যায়ক্রমে অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495