২২ বছর পর প্রিমিয়ার লিগের মুকুট আর্সেনালের
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১২ এএম
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।
মঙ্গলবার রাতে বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এতে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় আর্সেনাল। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগের শিরোপা জিতেছিল দলটি।
৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থান হারানোর আর কোনো সম্ভাবনা নেই মিকেল আর্তেতার দলের।
গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারাতে হয়েছিল আর্সেনালকে। এবারও সমর্থকদের মধ্যে শেষ দিন পর্যন্ত শঙ্কা ছিল। তবে বোর্নমাউথের বিপক্ষে সিটির পয়েন্ট হারানোয় সেই অপেক্ষার অবসান ঘটে।
আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি এখন আর্সেনালের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। সেলহার্স্ট পার্কে সেই ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন সমর্থকেরা।
প্রিমিয়ার লিগ জয়ের পর এবার ডাবল শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে, বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। পরে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরালেও জয় তুলে নিতে পারেনি সিটি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা।