সব জল্পনার অবসান, নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩৪ পিএম
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেইমারকে রেখেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস সংকট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন এই তারকা ফুটবলার। গত কয়েক মাস ধরে বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান হয়েছে।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার দিবাগত রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। সেখানে সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমার জুনিয়র। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে তার প্রত্যাবর্তনকে বড় চমক হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড রদ্রিগোর।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১৯ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি
মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা
আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র